দিনাজপুর জেলা কারাগার থেকে ২০ কয়েদির মুক্তি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় দিনাজপুর জেলা কারাগার থেকে এ পর্যন্ত ২০ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এর আগে ছয় জনকে এবং গত রবিবার ১৪ জনকে মুক্তি দেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার তারেক কামাল জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সারাদেশের জেলা কারাগার হতে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু কয়েদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া যেতে পারে এমন ২৯৮ জনের তালিকা কারা অধিদপ্তরে প্রেরণ করা হয়।

রাজশাহী কারাগার থেকে মুক্তি

পাচ্ছেন আরো ৬৫ কয়েদি

রাজশাহী প্রতিনিধি জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আরো ৬৫ জন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রাজশাহী কারা কর্তৃপক্ষ সম্প্রতি এই নির্দেশনা পেয়েছে। এর আগে ৩৩ কয়েদিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী গত শনি ও রবিবার সন্ধ্যায় যথাক্রমে ১৭ ও ২১ কয়েদিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার নির্ধারিত শর্ত পূরণ করা কয়েদিদেরই মুক্তি দেওয়া হচ্ছে।