কুয়েতের ক্যাম্পে আরো এক বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার অপেক্ষায় কুয়েতের ক্যাম্পে থাকা আরো এক বাংলাদেশি মারা গেছেন। মৃত আমরান (৪৩) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাশিরগঞ্জ গ্রামের জুনাব আলীর ছেলে। এর আগে ২ এপ্রিল কুমিল্লার রবিউল ইসলাম নামে আরেক বাংলাদেশি আবদালিয়া ক্যাম্পে মারা যান।

গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেন। রাজধানী কুয়েত সিটির বাইরে চারটি ক্যাম্পে তাদের রাখা হয়েছে। ক্যাম্পগুলো হলো—আবদালিয়া, সেবদি, মাঙ্গাফ ও কসর। প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, বিভিন্ন ক্যাম্পে তারা মানবেতন জীবনযাপন করছেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ক্যাম্পে থাকার পরেও কবে তারা দেশে ফিরবেন সেটি অনিশ্চিত। কেউ তাদের খোঁজ-খবরও নিচ্ছে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা তাদের ক্ষোভের কথা জানানোর পাশাপাশি ঢাকায় সাংবাদিকদের কাছেও নানা ভিডিও পাঠাচ্ছেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ‘করোনার এই সময়ে ফ্লাইট চলাচল বন্ধ। এজন্য হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সবার জন্যই কঠিন। গত ২৭ এপ্রিল ১২৬ জন ও ২৮ এপ্রিল ১২১ জন দেশে ফেরত এসেছেন। বাকিদের বিষয়েও সরকার ও দূতাবাস অবগত।’