২ হাজার চিকিত্সক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ পাওয়া চিকিত্সকদের আগামী ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পিএসসি ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এই ২ হাজার চিকিত্সক নিয়োগের সুপারিশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই চিকিত্সকদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভ্যারিফিকেশন পরে হবে। চিকিত্সকদের পাশাপাশি ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এই নার্সদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে নার্স ও মিডওয়াইফারি অধিদপ্তর। করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি এসব চিকিত্সক ও নার্স নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।