বঙ্গবন্ধু মেডিক্যালে করোনা টেস্ট করাতে এসে মারা গেলেন বৃদ্ধ

হয়তো শরীরে করোনা ভাইরাস ছিল! হয়তো ছিল না! কিন্তু সেই পরীক্ষা করাতে এসেই জীবন দিলেন আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা টেস্ট করাতে গিয়েছিলেন তিনি। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে যখন শুনলেন আজ আর টেস্ট হবে না, কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালের সামনে থেকে রবিবার বিকালে ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে গতকাল পর্যন্ত জানা যায়নি তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।

প্রত্যক্ষদর্শী ও বিএসএমএমইউ সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক ছেলের সহায়তায় বিএসএমএমইউতে যান করোনা টেস্ট করাতে। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকালে জানানো হয় ঐ দিনের মতো করোনা টেস্টের নমুনা গ্রহণ শেষ। পরদিন আবার নেওয়া হবে। এ কথা শোনার কিছু সময় পর মাথা ঘুরে পড়ে যান ঐ বৃদ্ধ। পরে তার ছেলের চিত্কারে অন্য মানুষ ছুটে এসে দেখেন মারা গেছেন তিনি। আব্দুর রাজ্জাকের শরীরে করোনার উপসর্গ ছিল। তবে তিনি করোনায় মারা গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সোমবার তার করোনা টেস্ট করা হয়েছে।