জুন নাগাদ যুক্তরাষ্ট্রে দৈনিক ৩ হাজার মানুষ মারা যেতে পারে

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুর হার বাড়লেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরো ভয়াবহ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীন এক গোপন প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর দৈনিক দুই লাখ করে মানুষ আক্রান্ত হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ এ এক লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন। খবর সিএনএন ও খবর রয়টার্সের

প্রতিদিনি মারা যাবে তিন হাজার

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন প্রকাশ্যে মৃত্যু ও আক্রান্তের হার কমার কথা বলে লকডাউন শিথিল করলেও প্রশাসনের অভ্যন্তরীন গোপন প্রতিবেদন দিচ্ছে ভিন্ন তথ্য। দেশটির প্রভাবশালী মিডিয়া নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, জুন নাগাদ প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি হতে পারে যা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুন। বর্তমানে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, লকডাউনের শিথিলের প্রক্রিয়া এভাবে চলতে থাকলে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হতে পারে। বর্তমানে দেশটিতে দৈনিক ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। মার্কিন রোগ নিয়ন্¿ণ বিভাগ (সিডিসি) জানিয়েছে, অর্থনীতি পুরোপুরি খুলে দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

করোনায় মৃত্যু এক লাখ হতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, নোভেল করোনা ভাইরাসের প্রকোপে এক লাখ মার্কিন নাগরিক প্রাণ হারাতে পারেন। মারণ ভাইরাসের প্রকোপে সে দেশে মৃত্যুর সংখ্যা যখন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেইসময় এমন আশঙ্কা প্রকাশ করলেন ট্রাম্প। তবে করোনার প্রতিষেধক নিয়ে আশার বাণী শুনিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে করোনা কী প্রভাব ফেলতে পারে এবং বিশ্ব জুড়ে এই পরিস্থিতির জন্য চীন কতটা দায়ী তা নিয়ে রবিবার মার্কিন মিডিয়ায় মুখ খোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ৭৫ বা ৮০ হাজার থেকে এক লাখ পর্যন্ত প্রাণহানি ঘটতে পারে। পরিস্থিতি ভয়ঙ্কর। তবে এর চেয়ে বেশি মরতে দেওয়া যাবে না। এটা চীনেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। চীন মারাত্মক ভুল করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এবছরের শেষেই আমাদের হাতে টিকা চলে আসবে। প্রতিষেধক যুক্তরাষ্ট্রে কিংবা অন্য কোথাও আবিষ্কৃত হোক তাতে কিছু যায় আসে না। এর আগে হোয়াইট হাউজের করোনা বিষয়ক টাস্কফোর্স আশঙ্কা প্রকাশ করেছিল, দেশে দুই লাখ মানুষের প্রাণ যেতে পারে করোনায় আক্রান্ত হয়ে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহের শুরুতে বলেন, দেশে ৬০ থেকে ৭০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এর আগে ২০ এপ্রিল তিনি বলেছিলেন, মৃত্যু ৬০ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদিও তার সরকার মৃতদেহ বহনের জন্য এক লাখ ব্যাগ ক্রয় করেছিল।