রাজশাহীর তানোরে পুলিশ কনস্টেবলসহ দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত অপরজন তানোর থানার পরিচ্ছন্নতা কর্মী। সোমবার তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
রাজশাহীতে পুলিশ সদস্যের করোনা শনাক্ত এটাই প্রথম বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রামেক ল্যাবে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। পাবনার দুই, নাটোরের এক ও রাজশাহীর তানোরের দু’জন।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, ৩ এপ্রিল তানোর থানার দুজনের নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা সোমবার রামেক ল্যাবে পরীক্ষার পর বিকেলে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক ওই দুইজন করোনা পজিটিভ বলে জানান।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতা কর্মী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাদের করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়েছেন। তানোরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, দু’জন করোনা পজিটিভের বিষয়টি তিনি অবগত। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে।
এর আগে তানোরে প্রথম করোনা শনাক্ত এক যুবক (১৮) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সম্প্রতি বাড়িতে ফেরেন।
ইত্তেফাক/এএম