ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। রবিবার করোনা পজেটিভের বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুঠোফোনে মেসেজ পাঠিয়ে ওই শিক্ষার্থীকে নিশ্চিত করা হয়েছে। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত জানিয়ে সবার কাছে দোয়া চান ওই শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
ফেসবুকে তিনি বলেন, ‘আমার করোনা পজিটিভ। ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে আছি। শরীর এখনো ফিট আছে।’
বর্তমানে তিনি দেশ রূপান্তর পত্রিকায় সাব-এডিটর পদে কর্মরত। পত্রিকাটির সহায়তায় তাকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব তথ্য ওই শিক্ষার্থী নিজেই জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ওই শিক্ষার্থীর আক্রান্তের বিষয়টি জানতে পেরেছি। এ পর্যন্ত আমাদের চারজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বাকি তিনজন এখন সুস্থ হয়েছেন।’
ইত্তেফাক/এএম