রাজশাহীতে মোটরসাইকেলে ছিনতাই চক্রের তিন সদস্যকে ছিনতাইকৃত টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র, মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলো- রাজপাড়ার আল আমিন হৃদয় (২০), বাপ্পি ইসলাম মধু (২০) ও আজমাইন আহনাম তৌকিব (১৮)।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল দুপুরে নগরীর দরগাপাড়ার মুক্তিযোদ্ধা মরহুম মাহাফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশাযোগে যাওয়ার সময় সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে পৌছলে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী রিকশা থামিয়ে জান্নাতুল ফেরদৌসীকে (৬২) মারধর করে তাঁর টাকা, কাগজপত্র ও মোবাইলসহ ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা হয়।
পরে মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার ভোর পর্যন্ত নগরীর রাজপাড়ার আলীগঞ্জ, অচিনতলা এবং বোয়ালিয়ার হোসনীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত সন্দেহে আলী গঞ্জের আশরাফুল ইসলামের ছেলে আল আমিন হৃদয় অচিনতলার আক্কাস আলীর ছেলে বাপ্পি ইসলাম মধু ও হোসেনীগঞ্জের রফিকুল কাইয়ুমের ছেলে আজমাইন আহনাম তৌকিরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। আসামিদের মঙ্গলবার সকালে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি