করোনা: কুমিল্লায় সস্ত্রীক কৃষি কর্মকর্তাসহ ৫ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে রয়েছেন বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও তার স্ত্রী এবং চান্দিনার ২ জন ও মুরাদনগরের ১ জন। 

এ নিয়ে জেলায় মঙ্গলবার (৫ মে) পর্যন্ত মোট ৯৮ জন ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।  

তিনি আরও জানান, নতুন করে করোনা পজেটিভ ফলাফল আসা বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম গত রবিবার (৩ মে) জ্বর-সর্দিসহ করোনার লক্ষণ দেখা দিলে স্ত্রীকে নিয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন তাদের নমুনা রাখা হয়। পরীক্ষা শেষে আজ (মঙ্গলবার) রিপোর্ট আসে। রিপোর্টে ওই কর্মকর্তা ও তার স্ত্রীর করোনা পজেটিভ সনাক্ত হয়। বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা জানান, করোনা পজেটিভ ফলাফল আসায় আজ মঙ্গলবার নতুন করে ওই পরিবারের আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ওই কৃষি কর্মকর্তার কার্যালয় এবং তার অফিস পাড়ার সরকারি কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন জানান, মঙ্গলবার (৫ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত ২ হাজার ৫৫০টি নমুনার মধ্যে দুই হাজার ১৫৪টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ৯৮ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং মারা গেছেন ৪ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা।

ইত্তেফাক/ এমএএম