এইচএসসি পরীক্ষা:সৃজনশীল হিসাববিজ্ঞান প্রস্তুতি

নির্মল ইন্দু সরকার

মাস্টার ট্রেইনার-হিসাববিজ্ঞান

প্রধান পরীক্ষক-ঢাকা শিক্ষা বোর্ড

প্রভাষক-সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ,ঢাকা

 

আমাদের দেশে প্রচলিত কাঠামোবদ্ধ পরীক্ষা পদ্ধতিতে হিসাববিজ্ঞানকে প্রায়োগিক বিষয় হিসেবে বিবেচনা করে এর কারিকুলাম ও প্রশ্নপত্র কাঠামো প্রস্তুত করা হয়েছে। ১০০ নম্বরের হিসাববিজ্ঞান প্রশ্নের বহুনির্বাচনি অংশ ৩০ অন্যান্য বিষয়ের মত।কিন্তু সৃজনশীল অংশ ৭০ এর প্রশ্নপত্র কাঠামো অন্যান্য বিষয়ের মত সাজানো হয়নি।সৃজনশীল অংশ সম্পূর্ণ প্রয়োগ স্তরের।এখানে প্রতিটি উদ্দিপকের অধীনে ৩ টি প্রশ্ন (ক,খ,গ) থাকবে,যা সহজ,কঠিন ও কঠিনতর নামে পরিচিত। এ ৩টি প্রশ্নের উত্তরের জন্য যথাক্রমে ২,৪,৪ নম্বর বরাদ্ধ।সৃজনশীল অংশে কোন প্রকার থিওরি প্রশ্ন থাকবে না।

হিসাবিজ্ঞানে বহুনির্বাচনি প্রশ্নের কাঠামো অন্যান্য প্রশ্নের কাঠামোর মতই।এখানে থিওরী ও গণিত উভয় অংশ থেকে প্রশ্ন থাকবে । প্রশ্নগুলো জ্ঞান,অনুধাবন,প্রয়োগ ও উচ্চতর দক্ষতা নামে পরিচিত।এই চার ধরনের প্রশ্ন মোট তিনটি স্তরে(সাধারণ,বহুপদী সমাপ্ত সূচক ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন)উপস্থাপন করা হবে। সাধারণত জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্নগুলো সাধারণ বহুনির্বাচনি প্রশ্নের স্তরে করা হয়। তবে কখনো কখনো প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন এখানে হয়ে থাকে।বহুপদী সমাপ্ত সূচক প্রশ্ন করা বাধ্যতামূলক নয়। তবে প্রয়োজনে মোট প্রশ্নের ১০-১৫% প্রশ্ন করা যেতে পারে। অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে  একটি উদ্দিপকের অধীনে ২ টি বা ৩টি  প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন করা হয়।সে ক্ষেত্রে প্রশ্নের উত্তর উদ্দিপক ব্যবহার করেই দিতে হয়। উদ্দিপকের বাইরে উত্তর দেয়ার কোন সুযোগ থাকে না।

হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক ও গাণিতিক বিষয় হওয়ায় এ বিষয়ে ভালো নম্বর পাওয়া অত্যন্ত সহজ। তবে বিগত বছরগুলোতে এর ফলাফল ধারাবাহিকভাবে খারাপ হয়ে আসছে। শিক্ষার্থীরা যদি নিম্নুক্ত বিষয় গুলোর উপর গুরুত্ব দেয় তাহলে অবশ্যই ফলাফল ভালো হবে।

সৃজনশীল অংশ

 

১.যেহেতু  ’হিসাববিজ্ঞান পরিচিতি’অধ্যায়  থেকে একটি প্রশ্ন থাকেই ,তাই এখানে যে সকল ঘটনা লেনদেন নয় এর পরিমাণ নির্ণয় কর,হিসাবের শ্রেণি নির্ণয় কর,হিসাব সমীকরণ প্রস্তুত কর;এ টপিকস গুলোর উপর ভালো প্রস্তুতি নিতে হবে।

২.’হিসাবের বই সমূহ’ অধ্যায় থেকে ২ টি প্রশ্ন থাকবে। এখানে জাবেদা ,খতিয়ান,নগদান বই ও বিশেষ জাবেদা থেকে প্রশ্ন থাকে।নিট বিক্রয়,নিট ক্রয়,বাট্টার পরিমান নির্ণয় ,খুচরা নগদান বই এ গুলোর থেকেও প্রশ্ন হয় । তাই এগুলোর উপর ভালো প্রস্তুতি নিতে হবে।

৩.’ব্যাংক সমন্বয় বিবরণি’ অধ্যায়ের একাধিক নিয়ম থাকলেও সাধারণত একক জের পদ্ধতিটাই বেশি পরীক্ষায় আশে।তাই এ পদ্ধতির উপর ভালো প্রস্তুতি রাখতে হবে। এখানে পরিবহনাধীন জমা,বকেয়া চেক,মোট ডেবিট,ক্রেডিট টাকার পরিমাণ নির্ণয় এবং গ্রাহকের বইয়ে জাবেদা দাখিলা  ইত্যাদি বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে।

৪.’রেওয়ামিল’ অধ্যায়টি তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের চেয়ে সহজ।এখানে যে সকল দফা রেওয়ামিলে আসে না এর পরিমান নির্ণয় কর ,মুনাফা জাতীয় খরচের পরিমাণ ,সম্পত্তির পরিমাণ নির্ণয় কর এ টপিকস গুলোর উপর প্রস্তুতি নিতে হবে।

৫.’হিসাববিজ্ঞানের নীতিমালা’ একটি থিওরিটিকাল অধ্যায় হওয়ার কারনে এখান থেকে কোন সৃজনশীল প্রশ্ন হবে না। তবে অন্য কোন অধ্যায়ের প্রশ্নের সাথে এ অধ্যায় কে সংযুক্ত করা হতে পারে। বহুনির্বাচনি প্রশ্নের জন্য এ অধ্যায় থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

৬.’আর্থিক বিবরণি’ অধ্যায় থেকে ২টি প্রশ্ন থাকবে,যার উত্তর দেয়া আবশ্যিক।এখানে একটি প্রশ্ন থাকবে উত্পাদনকারি প্রতিষ্ঠানের আর অন্যটি থাকবে সেবাদানকারি প্রতিষ্ঠানের। আবার একই প্রতিষ্ঠানের প্রশ্ন হতে পারে। এখনে নিট ক্রয়,নিট বিক্রয় ,নিট দেনাদার,অনাদায়ী দেনা ,নিট সম্পত্তি ও সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নিণর্য় কর এবিষয়সহ মোট লাভ,নিট লাভ ও আর্থিক অবস্থার বিবরণি প্রস্থুত কর এমন প্রশ্ন  থাকবে।

৭.’অংশীদারি হিসাব’ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবেই।এ অধ্যায়ে একাধিক নিয়মের অংক রয়েছে ,তাই বিগত  বছরের প্রশ্নের নিয়ম বাদ দিয়ে অন্যান্য নিয়মের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে।

৮.’যৌথ মূলধনী কোম্পানীর মূলধন’ অধ্যায় থেকে যে প্রশ্নটি হবে সেখানে কোন কিস্তির অংক থাকবে না।কারণ, কারিকুলামে কিস্তি সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে।বাজারে কিছু বইয়ে কিস্তির অংক দেওয়া আছে, যা কারিকুলামের সাথে সাংঘর্ষিক।তাই এধরনের বই বাদ দিয়ে মান সম্মত বই থেকে প্রস্তুতি নিতে হবে।

 

৯.’বেতন ও মজুরি’ অধ্যায়ে যদি নিট মজুরি নির্ণয় করতে বলে তাহলে সাধারণ ছক তৈরি করলেও হবে।কিন্তু বেতন রেজিস্ট্রার প্রস্তুত করতে বললে অবশ্যই নির্ধারিত ছকে অঙ্ক করতে হবে।

১০.জাবেদার ক্ষেত্রে ছক তৈরি করা ও জাবেদার ব্যাখা দেওয়া এমনকি য়োগফল করা বাধ্যতামূলক নয়।প্রশ্নে যদি ব্যাখ্যা চায় তাহলে দিতে হবে, অন্যতায় প্রয়োজন নেই । প্রশ্নে উল্লেখ না থাকলে ছক ও ব্যাখ্যার জন্য আলাদা কোন নম্বর বরাদ্ধ থাকে না।খতিয়ান অবশ্যই চলমান জের ছকে প্রস্তুত করতে হবে।