১০ দিনের বেশি কাজ করলে অতিরিক্ত প্রণোদনা নয়

ইত্তেফাক রিপোর্ট

সাধারণ ছুটি চলাকালীন কোনো ব্যাংককর্মী ১০ দিনের বেশি সশরীরে ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না। ১২ এপ্রিল জারিকৃত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী এক মাসের বেতন পাবেন তিনি। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকার প্রয়োজন হলে নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ছুটিকালীন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ১০ দিন সশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। তবে ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই।