নেট বোলারদের পাশে মুশফিক

স্পোর্টস রিপোর্টার

ব্যাটিং না করে থাকতে পারেন না মুশফিকুর রহিম। মিরপুর স্টেডিয়ামে দিনে কয়েক সেশনে মুশফিকের নেটে ব্যাটিংয়ের সঙ্গী এক ঝাঁক নেট বোলাররা। করোনা ভাইরাসের কারণে এসব নেট বোলারও ঘরবন্দি। অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। কঠিন সময় কাটছে তাদের।

করোনার দুর্যোগে নেট বোলারদের পাশে দাঁড়িয়েছেন মুশফিক। ৩০ জন নেট বোলারকে আর্থিকভাবে সাহায্য করেছেন অভিজ্ঞ ক্রিকেটার। এবং অর্থের পরিমাণ প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন এই সাবেক অধিনায়ক। অর্থ সাহায্য পেয়ে নেট বোলাররা ধন্যবাদ জানিয়েছেন মুশফিককে।

জাতীয় দলের নেট, ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে নেট বোলিংয়ের নিয়মিত মুখ সোহাগকে দিয়েই পুরো প্রক্রিয়া সমন্বয় করেছেন মুশফিক। গতকাল সোহাগ বলেন, ‘উনি নিজেই এক দিন ফোন দিয়ে নেট বোলারদের খবর জানতে চান। পারিবারিকভাবে যারা কষ্টে আছে তাদের তালিকা দিতে বলে। পরে আমি ৩০ জনের তালিকা দেই। তার ব্যক্তিগত অনুশীলনে যারা থাকে। টাকা আমরা সবাই পেয়ে গেছি।’