স্পোর্টস ডেস্ক
২০০৯ সালের কথা। পাকিস্তানের নেতৃত্বে তখন ইউনুস খান। আরব আমিরাতে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘ইচ্ছে করেই’ খারাপ খেলেন দলের কিছু সিনিয়র ক্রিকেটার। অধিনায়ক ইউনুস খানের নেতৃত্বে অসন্তুষ্ট হয়েই এমন কাজ করেছিল পাকিস্তানের তখনকার সিনিয়র ক্রিকেটাররা, বলে দাবি করেছেন সাবেক পেসার রানা নাভিদ।
এক টেলিভিশন চ্যানেলে ৯ টেস্ট ও ৭৪টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার বলেন, ‘২০০৯ সালে আরব আমিরাতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুইটি ওয়ানডে ম্যাচ হেরেছিলাম। দলের কিছু খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে খারাপ খেলেছিল আর সেই কারণেই আমরা হেরেছিলাম।’
নাভিদ সেই সিরিজটা সাইড বেঞ্চে বসে কাটান। তিনি বলেন, ‘সেই সিরিজে আমি পুরোটা সময়ই সাইড বেঞ্চে বসে কাটিয়েছিলাম। সে সময় আমি ইউনুস ভাইকে বলেছিলাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমিও সেই ষড়যন্ত্রের শিকার।’
সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ে এগিয়ে গিয়েও বাজেভাবে সিরিজ হেরেছিল পাকিস্তান। রানা নাভিদ বলেন, ‘অধিনায়কের দায়িত্ব গ্রহণ করার ইউনুস বেশ কঠোর হয়েছিল। অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার তা পছন্দ করতে পারেনি। তারা বলেছিল যে, আমরা ইউনুসকে অপসারণ করতে চাই না। আমরা চাই পিসিবি চেয়ারম্যান তার সঙ্গে কথা বলে জানিয়ে দিক অধিনায়ক হিসেবে সে কেন দলের অভিজ্ঞদের পরামর্শ নেয় না।’