জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম বাতিল

স্পোর্টস ডেস্ক

ধীরে ধীরে যখন ক্রীড়াঙ্গন সরব হতে শুরু করেছে, তখন দুঃসংবাদ পেল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। বাতিল করা হয়েছে দেশটির ঘরোয়া ক্রিকেট মৌসুম।

বিষয়টি নিশ্চিত করেছেন জেডসির পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা। সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমরা ইতিমধ্যে মৌসুম শেষ করার দিকেই ছিলাম। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমাদের মনে হয়েছে, শিগগিরই এখানে ক্রিকেট শুরু করা সম্ভবপর হবে না। তাই জরুরি ভিত্তিতে ২০১৯-২০ মৌসুম বাতিল করে দেওয়া হয়েছে।’

এই সিদ্ধান্তের ফলে ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’-এর কোনো টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৮ মার্চ বন্ধ হয়ে যায় জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট। পরে জিম্বাবুয়ে সরকার দফায় দফায় দেশের লকডাউনের সময় বাড়িয়েছে যাতে দেশটির ক্রিকেট লিগগুলোর ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়ছিল। অবশেষে বাতিলই হলো।

খেলা বন্ধ হওয়ার সময় জিম্বাবুয়ের প্রথম শ্রেণির টুর্নামেন্ট ইগলস এবং লিস্ট ‘এ’তে শীর্ষে ছিল টাস্কার্স। এদিকে, করোনার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ স্থগিত রেখেছে জিম্বাবুয়ে। মার্চ-এপ্রিলে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দলটি। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে, সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। ঘরোয়া মৌসুম বাতিলের কারণে সেসবও অনিশ্চিত হয়ে পড়ল।