তালায় মাঠ থেকে সরাসরি সবজি কিনল সেনাবাহিনী

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

করোনার কারণে অবরুদ্ধ ও যানবাহন চলাচল বন্ধ থাকায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বিক্রির অভাবে উত্পাদিত সবজি মাঠেই পড়ে থাকছে। এমন পরিস্থিতিতে কৃষকদের আর্থিক ক্ষতি লাঘব করতে সরাসরি মাঠ থেকে সবজি কিনছে যশোর সেনানিবাস। মঙ্গলবার সকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কয়েক জন কৃষকের কাছ থেকে প্রায় পাঁচ মণ সবজি কিনেছেন সেনা সদস্যরা। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, যশোরে সেনানিবাসের জন্য প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে সেই চাহিদা মেটানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকা থেকে এক মাস সবজি কেনার পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, কৃষকরা যাতে ন্যায্য দাম বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলত সেই জন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।