চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় মঙ্গলবার দুপুরে পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার নিয়ে টানাটানি করার সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের। নিহতরা হলো উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আবু হানিফ (২২) ও আব্দুল মবিনের ছেলে ইউনুছ মিয়া (১৮)। প্রত্যক্ষদর্শী অলিউল্লাহ জানান, ঘটনার সময় আবু হানিফ ও ইউনুছ মিয়া পুকুরে গোসল করার সময় পানিতে ভেসে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তারের সঙ্গে যুক্ত থাকা কাঠের টুকরা নিয়ে দুষ্টুমির ছলে টানাটানি করছিল। একপর্যায়ে ঐ টানা তারটি মেইন তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।