বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উপহার হিসেবে সিলেট জেলার স্বেচ্ছাসেবী দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্যসামগ্রী, সাবান এবং মাস্ক বিতরণ করা হয়েছে। সিলেট শহরের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে সোমবার সদর উপজেলার ৩০০টি স্বেচ্ছাসেবী দুস্থ ভিডিপি পরিবারকে বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খান উপস্থিত থেকে খাদ্যসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে এ জেলার ১৩টি উপজেলায় ৩ হাজার ৯০০টি স্বেচ্ছাসেবী ভিডিপি পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাসামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য, সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন পরিস্থিতিতে খাদ্য ও অর্থাভাবে কষ্টে দিন যাপনকারী ১ লাখ ৪৬ হাজার ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। সোমবার খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলাম। —সংবাদ বিজ্ঞপ্তি