শহরের বর্জ্যে গ্রামের বাতাসে দুর্গন্ধ

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরের সীমানা ঘেঁষে দমদমা গ্রাম। গ্রামের বুক চিরে চলে গেছে একটি গাং— স্থানীয়ভাবে ‘পারুলির গাং’ নামে পরিচিত। ইদানীং এই গাঙে পড়েছে দূষণের থাবা। হাত দিয়ে নাক ঢেকে গাঙের পাড় দিয়ে চলাচল করতে হয়। গাং দিয়ে শহর থেকে গ্রামে প্রবেশ করছে দুর্গন্ধযুক্ত পানি। রাজাবাড়ী  থেকে দমদমা গ্রাম হয়ে একটি গাং মারতা দিয়ে দক্ষিণে কালিগঞ্জ উপজেলায় ঢুকেছে। গাঙের দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা। কারখানাগুলোর ক্যামিকেল মিশ্রিত ময়লা পানি সরাসরি ফেলা হচ্ছে গাঙে। সে পানি প্রবাহিত হয়ে দূষণ করছে গ্রামের পর গ্রাম। ক্যামিকেল মিশ্রিত পানিতে মাটির ওপরে পড়েছে সাদা আস্তরণ। পানির বিকল্প উত্স না থাকায় কৃষিজমিতে এই দূষিত পানি দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। গাঙের ওপরে রয়েছে পাগলার ব্রিজ। প্রকৃতি উপভোগের জন্য মানুষ ঘুরতে আসে এখানে। কিন্তু পানিদূষণের কারণে এখন  কেউ আসতে চায় না। দমদমা গ্রামের কৃষক আফাজ উদ্দিন ও নিয়ত আলী বলেন, দেড়-দুই বছর ধরে গাঙের পানির রং কালো। পানিতে প্রচুর দুর্গন্ধ। কৃষাণী আফসানা বেগম বলেন, পানিতে আমার হাঁসগুলো ঘুরে  বেড়াত। এখন আর নামে না। পরিবেশদূষণ রোধে কারখানাগুলো অন্যত্র সরানোর ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তন্ময় হাসান, শ্রীপুর, গাজীপুর