চিন্তার পরিবর্তন আসুক

করোনার কথা চিন্তা করতে করতে হঠাত্ একটি ঘটনার কথা মনে পড়ে গেল।  কয়েক বছর আগে আমি জে. এম. সেন হলের দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাত্ রাস্তায় আমার খুব দূরের এক আত্মীয় আমাকে আমন্ত্রণ জানিয়ে বললেন, দাদা আমার ছেলের বিয়েতে আপনাকে যেতে হবে। কথা প্রসঙ্গে জানলাম, বরযাত্রী যাবে প্রায় ৭০০ জন। মেয়ের বাবা গ্রামের হাই স্কুলের করণিক পদে কাজ করছেন। তাঁর আরো একজন ছেলে এবং একজন মেয়ে কলেজপড়ুয়া। আমি ছেলের বাবাকে জিজ্ঞেস করলাম, আশীর্বাদ অনুষ্ঠানে কতজন গিয়েছিলেন। তিনি জানালেন প্রায় ৩৫০ জন। আমি জানতে চাইলাম, দাদা বস্ত্রলংকার কি মেয়ের বাড়িতে হবে? তিনি বললেন, না দাদা, এই অনুষ্ঠানটি এবং জামাইভাতাও ক্লাবে করতে বলেছি। আমন্ত্রণকারীকে বললাম, দাদা আমাকে বৌভাতের আমন্ত্রণ জানালেন না!  উত্তরে বললেন, দাদা বৌভাত খুব ছোটো করে করছি। কী অদ্ভুত মানসিকতা আমাদের। আমরা অন্যের ঘাড়ে চেপে নিজেদের স্বার্থ উদ্ধার করতে ছাড়ি না; নিজের বেলা হিসেব করি ষোলো আনা। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। এই পরিবর্তন আসাটা জরুরি।

রূপম চক্রবর্ত্তী

পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম