ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
মানিকগঞ্জে সেনাবাহিনীর খাদ্যসহায়তা অব্যাহত
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে সেনাবাহিনী কর্তৃক কর্মহীন দুস্থ, নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে এই সহায়তা দেওয়া হয়। গতকাল দুপুরে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সেনাবাহিনীর তৃতীয় পর্বের এই সহায়তায় চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি এবং সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা আলী রাজিব মাহামুদ মিঠুন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমুখ।
গাজীপুরে কর্মহীনদের খাদ্য সহায়তা জেলা প্রশাসকের
গাজীপুর প্রতিনিধি জানান, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া, হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সরকারি সহায়তার বাইরে গাজীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পর্যন্ত সাড়ে ১১ হাজার মানুষকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে হটলাইন ও ৩৩৩ নম্বর থেকে ফোনের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদেরকেই এ সহায়তা প্রদান করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, এসব সহায়তা সরকারি সহায়তার বাইরে থেকে করা হয়েছে। এসব খাদ্যসহায়তা জেলা প্রশাসনের উদোগে আবেদনকারীর বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
সিরাজদিখানে বিকল্পধারার খাদ্যসামগ্রী বিতরণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও বিকল্পধারার পক্ষে মঙ্গলবার উপজেলার কেয়াইর ইউনিয়নের চলতিপাড়া গ্রামে অসহায় ও কর্মহীন আড়াইশ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিরাজদিখান উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী। এ সময় উপস্থিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা বিকল্পধারার সভাপতি ও রশুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ টি এম রুহুল আমীন প্রমুখ।
সোনারগাঁওয়ে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ ( স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নিজস্ব অর্থায়নে দুস্থ-অসহায় ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে বারদী ইউনিয়ন পরিষদের সামনে এ ত্রাণ বিতরণ করেন।