‘করোনার সঙ্গে ডেঙ্গুতেও আক্রান্ত হলে কোথাও যাওয়ার জায়গা থাকবে না’

মশা নিধনে দুই মেয়রকে নোটিশ

ইত্তেফাক রিপোর্ট

মশার প্রজনন স্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘একদিকে নগরবাসী করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। অন্যদিকে মশার উপদ্রবে নগরবাসী দিশেহারা। করোনার সঙ্গে সঙ্গে যদি তারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে নগরবাসীর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।’ দুই সিটি মেয়র ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ডেঙ্গুও করোনা ভাইরাসের মতোই বিপজ্জনক। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের উত্পত্তির কারণ। গত বছর ডেঙ্গুর প্রকোপে প্রায় ৮০ জনের প্রাণহানি ঘটে এবং সাড়ে ৫ হাজার লোক আক্রান্ত হয়। কিন্তু বর্তমানে মশার উত্পাত ও উপদ্রব অনেক বেশি হওয়া সত্ত্বেও ঢাকার দুই মেয়র এখন পর্যন্ত মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও নগরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব তাদের। তাই সার্বিক দিকবিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এটাই প্রত্যাশা।’ গতকাল মঙ্গলবার সূত্রাপুরের বাসিন্দা ফাহিমা ফেরদৌস জনস্বার্থে এ নোটিশ প্রেরণ করেন।