ইত্তেফাক রিপোর্ট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বর্তমান পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও করোনা-উত্তোর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনাও অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলিজনিত কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সেলিম রেজার দায়িত্ব অর্পণ এবং নবনিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের সুরক্ষায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলছে। করোনা-উত্তোর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সামছুল আলম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান বাদল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিবুল ইসলাম, খাদিজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।