আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে বিষোদগার করছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত আজ বিএনপির রাজনীতি। তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি। এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরী ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।’ তিনি বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন। কিন্তু আন্তর্জাতিকভাবে ফোবর্স এবং ইকনোমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। তার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।
সরকারি ছুটির মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান চালু রাখার কারণ ব্যাখ্যা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাটাও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করা হয়েছে। বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ২১০টি দেশে করোনার বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো প্রয়োজন দেখা দেয়নি। এ সংকটে প্রয়োজন চিকিত্সা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মাঝে সমন্বয় গড়ে তোলা। চিকিত্সা বিষয়ক দক্ষ, যোগ্য ও অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। তিনি বলেন, করোনার অভিন্ন টার্গেট দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে হয়েছে এবং হচ্ছে। তবে সেটা ভ্যাকসিন রিলেটেড কিংবা চিকিত্সা বিষয়ক। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে হয় না।