করোনা মোকাবিলায় ‘সরকার কোথাও নেই, শুধু আছে টেলিভিশনে’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যে শাটডাউন তুলে নিচ্ছে, এতে করে দেশ আরো ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে—এটা কেন করছে? আমাদের কাছে যেটা মনে হয়, তাদের অজ্ঞতা, উদাসীনতা এবং জনগণের কাছে জবাবদিহিতা না থাকার কারণেই এটা করছে তারা। আজকে দেশে সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত সরকার থাকলে কিন্তু এটা করা সম্ভব হতো না। তিনি বলেন, ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে সরকার রমজান ও ঈদের কথা বলে প্রথমে তাত্ক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদলে ১০ মে থেকে দোকানপাট খুলে দিয়েছে পারস্পরিক দূরত্ব ও অন্যান্য প্রতিপালন সাপেক্ষে—এটা আমাদের কাছে বোধগম্য না।
বিএনপি মহাসচিব বলেন, ঈদ উপলক্ষ্যে যে মানুষগুলো কাজ করে, কাপড় তৈরি করে, কেনাবেচা করে ছোটো-বড়ো ব্যবসায়ী তাদের জন্য দরকার আছে। কিন্তু সেটা কি মানুষের জীবনের বিনিময়ে? মির্জা ফখরুল বলেন, মানুষের জীবন-জীবিকা দুইটাই যেমন রাখতে হবে ঠিক, সংক্রমণ যেহেতু এখনো ঊর্ধ্বমুখী সেহেতু আরো কিছু দিন ধরে অবরুদ্ধ সমাজিক দূরত্ব নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিল। কারখানাগুলো এমনভাবে খোলা যেতে পারত যে, ধীরে ধীরে কারখানায় সব ব্যবস্থাকে নিশ্চিত করে, শ্রমিকদের যে স্বাস্থ্য নিরাপত্তা সেটা নিশ্চিত করেই কারখানাগুলো খোলা যেত। সেটা তো করা হয়নি। বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ঋণ প্যাকেজ ঘোষণা করলেও অধিকাংশ শ্রমিক এখনো বেতন-ভাতা পাননি।