রূপকথাকে হার মানানো করোনাযুদ্ধ

এক অকুতোভয় পুলিশ সদস্য মো. বাহাউদ্দিন। নিজের জীবনের মায়া তুচ্ছ করে সহকর্মীদের সেবা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বাহাউদ্দিন। রাত-দিন ২৪ ঘণ্টা করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের হাসপাতালে আনা-নেওয়াসহ তাদের সার্বিক দেখভালের দায়িত্ব পালন করে যাচ্ছেন হাসিমুখে। আশার কথা, নিয়মিত করোনা রোগীর সংস্পর্শে যাওয়ার পরও তিনি সুস্থ                 রয়েছেন। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।  মানবপ্রেমী এই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-উত্তর) বিভাগের মেডিক্যাল সহকারী হিসেবে কর্মরত। এ পর্যন্ত ৮০ জনের বেশি করোনা রোগীকে নিজের হাতে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করেছেন তিনি। ভাইরাসজনিত কারণে যাদের শরীর বেশি দুর্বল তাদের তিনি নিজের কাঁধে তুলে নিয়ে বহুতল ভবন থেকে নামিয়েছেন, অ্যাম্বুলেন্সে তুলেছেন, হাসপাতালে নিয়ে গেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে আপনজন যেখানে দূরে সরে যাচ্ছে সেখানে সহকর্মীদের জন্য এমনভাবে কাজ করার বিষয়ে বাহাউদ্দিন বলেন, প্রথমদিকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের কাছে যেতে খুব ভয় পেতাম। কিন্তু দেশের এই চরম সংকটে আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হয়নি। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পুলিশের লোকজন যখন ব্যাপকহারে ভাইরাসে আক্রান্ত হচ্ছিলেন, তখন আমার মন থেকে সব ভয় দূর হয়ে যায়। আমি হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমিও দেশের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি।