ফরিদপুরে বিল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১২

গতকাল মঙ্গলবার পাবনার ফরিদপুর উপজেলায় বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ফরিদপুর থানার ওসি আবুল কাশেম আজাদ এবং ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন জানান, ফরিদপুর ইউনিয়নের চিথুলিয়া দেবিপানাগাড়া বিলের (বড়ো পুকুর) ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে চিথুলিয়া গ্রামের দুলাল হোসেন ও লিটন হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে চিথুলিয়া শিববাড়ীর কাছে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহতদের মধ্যে আকবর আলীর ছেলে হাসানুল ইসলাম কমলকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাসানুল মারা যান। এ ঘটনায় পুলিশ তারেক হোসেন, মাসুদ হোসেন ও রেশমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।