মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সীতাকুণ্ডে এক মাদ্রাসা অধ্যক্ষকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, সীতাকুণ্ড যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবিরকে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে পৌরসদরস্থ ছোবহানবাগ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অধ্যক্ষ কবির গত শনিবার মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তার এই স্ট্যাটাসে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নানা রকম তীর্যক মন্তব্য করতে থাকলে পরে তিনি স্ট্যাটাসটি রিমুভ করে দেন। এ নিয়ে স্থানীয় দুটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে সোমবার রাতে বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ নুরুল কবিরকে তথ্য প্রযুক্তি আইনের ধারায় গ্রেফতার করা হয়।