নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে হয়রানির বিষয় এমপিওভুক্তিতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা নামে-বেনামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে কোনো কোনো উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক শিক্ষা অফিসসমূহের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী তাদের কাছে অনৈতিক অর্থ দাবি করছেন।
এদিকে নতুন এমপিওভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়টি আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের গোয়েন্দা অনুবিভাগ এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে পেশ করেছে। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নতুন এমপিওভুক্তিতে ঘুষ-দুর্নীতি-হয়রানি সহ্য করা হবে না।
দুদক চেয়ারম্যান বলেন, এ কার্যক্রম এমনভাবে মনিটরিং করতে হবে, যাতে কারো পক্ষে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়ার সুযোগ না থাকে। প্রয়োজনে ফাঁদ মামলা পরিচালনা করে অপরাধীদের আইন-আমলে নিয়ে আসতে হবে। এ অপরাধে যারাই সম্পৃক্ত হবেন তাদেরকে আইনের মুখোমুখি করা হবে।