তানোরে দুই এসআইসহ ১৭ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে

রাজশাহীর তানোর থানায় পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীর করোনা ভাইরাস শনাক্তের পর দুইজন এসআইসহ ১৭ জন পুলিশ সদস্যকে উপজেলার সরকারি আব্দুল করিম সরকার কলেজে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার তাদেরকে থানা থেকে কলেজে স্থানান্তর করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ব্যারাকে দূরত্ব বজায় রাখার জন্য দুই এসআই সহ ১৫ জন পুলিশ সদস্যকে কলেজ ভবনে পাঠানো হয়।’

এদিকে, থানায় পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পর উপজেলাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার থানার মোড়সহ বিভিন্ন এলাকায় অন্যান্য দিনের চেয়ে মানুষের আনাগোনা খুবই কম চোখে পড়ে।

সোমবার তানোর থানার একজন পুলিশ সদস্য (ওয়ারলেস অপারেটর) ও একজন পরিচ্ছন্নতা কর্মীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে।

এর আগে গত ২৮ এপ্রিল তানোর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই যুবক (২০) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভারত থেকে সম্প্রতি বাড়িতে ফেরেন।

ইত্তেফাক/এমআরএম