ধামইরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত

নওগাঁর ধামইরহাটে এই প্রথম জ্বর সর্দি এবং কাশের লক্ষণ নিয়ে আড়ানগর ইউনিয়নের ২৮ বছরের ঢাকা ফেরত যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ওই যুবক দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত ছিল। দেশে করোনার কারণে ছুটি হলে সে গত ১৫ এপ্রিল ছুটি নিজ বাড়ি আড়ানগরে চলে আসে এবং হোম কোয়ারেইন্টাইনে থাকা অবস্থায় শেষের দিকে এসে তার শরীরে করোনার লক্ষণ নিয়ে জ্বর, কাশি হলে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গত ২ মে তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে ৫ মে বিকেলে রাজশাহী মেডিকেল থেকে পাঠানো রিপোর্টে যুবকের শরীরে করোনা ধরা পড়ে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা  কর্মকর্তা ড. স্বপন কুমার বিশ্বাস বলেন, ওই যুবক ঢাকা থেকে বাড়ি এলে আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিই। কিছুদিন পর হঠাৎ যুবকের শরীরে জ্বর, কাশি এবং গলা ব্যথার কথা জানতে পেরে যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।পরে মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল থেকে পাঠানো রিপোর্টে আমরা জানতে পারি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।এই প্রথম ধামইরহাটে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

ইত্তেফাক/এমআরএম