মেহেরপুরের গাংনী উপজেলায় প্রথমবারের মতো দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (০৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম।
করোনা আক্রান্তের একজন (৩৭) উপজেলার ষোলটাকা গ্রামের ও অপরজন (২৮) রংমহল গ্রামের বাসিন্দা।
ডা. রিয়াজুল আলম জানান, ষোলটাকা গ্রামের ওই ব্যক্তি গত ২৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তখন থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর ৩ মে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলে সেখান থেকে আজ বুধবার করোনা রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এছাড়া রংমহল গ্রামের ওই ব্যক্তি গত ২৯ এপ্রিল ওমান দেশ থেকে বাড়িতে আসেন। এরপর গত ১ মে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সেখান থেকে করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়।
আরো পড়ুন: করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে বুধবারের রিপোর্টে ১ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া ঢাকার শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আরেকটি পজিটিভ আসে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ বাড়িতে আইসোলোশনে থাকবেন। তাদের পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একইভাবে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
ইত্তেফাক/এএএম