শিবচরে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

মাদারীপুরের শিবচরে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।  

মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার জেলার ১০১টি নমুনার ফলাফল এসেছে। এতে, নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্ত হওয়া তিনজন শিবচর উপজেলার উমেদপুর এলাকার একই পরিবারের সদস্য। 

আরও পড়ুনঃ সর্বশেষ জেলা রাঙ্গামাটিতে নয় মাসের শিশুসহ ৪ জনের করোনা শনাক্ত

শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই পরিবারের এক সদস্য মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন করা হয়। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা শনাক্তের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বুধবার (৬ মে) ওই পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, পরিচয় গোপন করে লাশ দাফন করার কারণে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই পরিবারের বেশ কয়েক জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠায়। বুধবার ওই পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৬ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।


ইত্তেফাক/ এমএএম