বেতনের দাবিতে ফরিদপুর চিনিকলে আখচাষি ও শ্রমিকদের বিক্ষোভ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

আখচাষি ও শ্রমিকদের বেতনভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বুধবার সকাল ৯টায় মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে সামাজিক দূরত্ব বজায় রেখে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. আব্দুল বারিক বিশ্বাস প্রমুখ।

জানা যায়, চিনিকলে কর্মরত প্রায় ৮০০ শ্রমিক-কর্মচারী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও চলতি মে মাসের বেতন না পেয়ে আর্থিক সংকটে দিন অতিবাহিত করছে। ঠিকমতো নিত্যপণ্যের বাজার না করতে পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে আখের মূল্য সময়মতো না পেয়ে আখচাষিরা আখের আবাদ করতে আগ্রহ হারিয়ে ফেলছে। এমনিতে আখ দীর্ঘমেয়াদী কৃষি ফসল। জমিতে দীর্ঘদিন রাখতে হয়। এরপর আখ মিলে সরবরাহ করে সময়মতো আখের মূল্য বাবদ টাকা না পেয়ে আখচাষিদের আর ধৈর্যের সীমা থাকছে না। আর এ কারণে আখ চাষ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু জানান, বেতনভাতা না পেয়ে আর্থিক সংকটের কারণে শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন যাবত্ মানবেতর জীবনযাপন করছে।