টাঙ্গাইলে নিখোঁজ কলেজছাত্রের লাশ নদী থেকে উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নিখোঁজের ছয় দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে এক কলেজছাত্রের লাশ। মঙ্গলবার বিকালে লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮)। সে টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার পুলিশ সদস্য রাশেদুল ইসলামের ছেলে ও শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের বাবা পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত রাশেদুল ইসলাম জানান, প্রতিবেশি এক মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঐ মেয়েকে আশিক একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড়ো ভাই মাহিম বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে সে ঐ বাসায় মোবাইল ফোন আনতে গিয়ে আর বাড়ি ফিরেনি।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রেমঘটিত ব্যাপারে মেয়ের ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। বুধবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।