কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে কারাবন্দি স্বামীকে জামিনে মুক্ত করে আনার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ডুমুরিয়া গ্রামের মৃত জায়েদ প্রধানের ছেলে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম।
গৃহবধূর স্বামী সাংবাদিকদের বলেন, জেলে থাকা অবস্থায় আমাকে জামিনে মুক্ত করে আনার জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়ে নজরুল ইসলাম ওরফে ভোলা মেম্বার আমার স্ত্রীকে ধর্ষণ করে। মেম্বারের আরো পাঁচ সহযোগী তাকে ধর্ষণ করলে গর্ভবতী হয়ে পড়ে।
মুরাদনগর থানার ওসি এ কে এম মনজুর আলম বলেন, এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি ইউপি মেম্বার নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি মেম্বারের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।