কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
করোনা ঝুঁকি থেকে রক্ষায় নিরাপদে ছুটির দিনে খোলা মাঠে হাজারো লোককে ব্যাংক ভাতা দেওয়া হয়েছে। কমলগঞ্জের শমশেরনগর সোনালী ব্যাংক শাখা বুধবার সকাল ১০টা থেকে স্থানীয় চা বাগান মাঠে এই ভাতা প্রদান করে।
সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, সম্প্রতি দুই জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক ভানুগাছ শাখা লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে শমশেরনগর শাখায় অস্বাভাবিক চাপ বেড়ে গেছে। এ অবস্থায় ব্যাংক শাখায় কার্য দিবসে কোনোভাবে সহস্রাধিক ভাতাভোগীর ভাতা প্রদান সম্ভব নয়। তাই বুধবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির দিনে শমশেরনগর ইউনিয়নের ১ হাজার ২০০ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর মধ্যে চা-বাগান খেলার মাঠে এসব ভাতা দেওয়া হয়।