স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে দেশের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ও বন্ধ রয়েছে করোনার ধাক্কায়। মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হাজিরা দিতে হচ্ছে না বিসিবির কর্মকর্তাদের। গত ২২ মার্চ থেকে বাসায় বসে দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন কর্মকর্তারা। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া অফিসে আসতে হয়নি কারোই।
গতকাল জানা গেছে, বাসায় বসে নিয়মিত কাজগুলো সারছেন সবাই। তার মধ্যে সপ্তাহে অন্তত দুই দিন ভিডিও কনফারেন্সে মিটিংয়ে অংশ নিচ্ছেন বিসিবির কর্মকর্তারা। অফিসে না গেলেও ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট বিভাগের কাজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন করতে হচ্ছে বিসিবির চাকুরেদের। ঈদের আগে বিসিবি কার্যালয় খোলার সম্ভাবনা নেই বললেই চলে এবং ক্রিকেটীয় কার্যক্রমও শুরু হচ্ছে না। করোনার বিস্তার রোধে সর্বোচ্চ সতর্ক বিসিবি। তাই পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হলেও সরকারের সবুজ সংকেত পাওয়া গেলেই সচল হবে বিসিবি কার্যালয়।