বরিশাল অফিস ও মুলাদী সংবাদদাতা
বরিশালের মুলাদীতে বিদেশফেরত যুবক ইমরানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সফিপুর ইউনিয়নের আমানতগঞ্জ বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যাকারী ও পরিকল্পনাকারীদেরও ফাঁসির দাবি করা হয়।
জানা গেছে, গত ২৯ এপ্রিল রাতে উত্তর বালিয়াতলী গ্রামের আলতাফ দফাদারের ছেলে ইমরানকে তার প্রেমিকা কলেজছাত্রী আফরোজা আক্তার মোবাইল ফোনে ডেকে নেন। সেখানে ওঁত পেতে থাকা আফরোজার সাবেক প্রেমিক যুবরাজ খলিফা ও তার সহযোগীরা ইমরানকে জবাই করে হত্যা করে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইমরানের প্রেমিকা আফরোজা আক্তার, আফরোজার সাবেক প্রেমিক যুবরাজ খলিফা, যুবরাজের বন্ধু আরিফ হোসেন ও সবুজকে আটক করে পুলিশ। হত্যার ঘটনায় ইমরানের বাবা মুলাদী থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদে যুবরাজ খলিফা হত্যার দায় স্বীকার করলেও তার সহযোগীদের নাম প্রকাশ করেননি। পুলিশ একটি লিখিত প্রেস ব্রিফিংয়ে জানায়, ‘ইমরান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডের মূল ও একমাত্র আসামি যুবরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।’ অপরদিকে ইমরান হত্যার পর থেকে যুবরাজের ভাই সোহেল, জুয়েল, মা পেয়ারা বেগম, পার্শ্ববর্তী নাজেম হাওলাদারের ছেলে নান্টু ও মন্টু হাওলাদার, আয়নাল সরদারের স্ত্রী রোকেয়া বেগম, দুলাল হাওলাদারে স্ত্রী রহিমা বেগম এলাকা ছেড়ে পালিয়েছেন। বাদী ও স্থানীয়দের ধারণা, ইমরান হত্যায় এরাও সম্পৃক্ত।