মির্জাপুরে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও বস্তা ফেলে ট্রাক ও যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা হচ্ছে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের মো. ওমর আলীর ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের ফলল মিয়ার ছেলে সাব্বির হোসেন এবং মীর দেওহাটা গ্রামের খোরশেদ আলমের ছেলে মনির হোসেন।

মির্জাপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. মোরাদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। গতকাল বুধবার তাদের নামে মির্জাপুর থানায় ডাকাতির মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া হতে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় প্রায়ই বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ মাইক্রোবাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জামুর্কি, পাকুল্যা, গোড়ান-সাটিয়াচড়া, আছিমতলা, কাটরা, কদিমধল্যা, শুভুল্যা, ইচাইল, পুষ্টকামুরী চরপাড়া, মির্জাপুর বাইপাস, কুমারজানি, দেওহাটা ও সোহাগপাড়া এলাকায় ছিনতাই ও ডাকাতি হচ্ছে বেশি বলে সাবেক ইউপি সদস্য  তমছের মিয়া ও ট্রাকশ্রমিক মিনহাজ উদ্দিন অভিযোগ করেন।