গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ কারখানা বন্ধ ঘোষণা

৬০ ভাগ নয়, পুরো বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় বুধবার সকালে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এ সময়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এছাড়া নগরীর সাইনবোর্ড ও বোর্ড বাজার এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের গাছা এলাকায় এ্যাবা ফ্যাশন লিমিটেড নামক কারখানার কর্তৃপক্ষ আগে থেকেই শ্রম আইন অনুযায়ী বেতন দেওয়ার ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, যে সকল শ্রমিক কাজ করেছেন তারা পুরো বেতন পাবে আর যারা কাজে যোগদান করেনি বা যারা কাজের বাইরে আছে বা ছিল তারা মূল বেতনের ৬০ শতাংশ পাবে। কিন্তু ঐ কারখানার শ্রমিকরা গত মঙ্গলবার থেকে দাবি জানিয়ে আসছে যে তাদের শতভাগ বেতন পরিশোধ করতে হবে। তারা গত মঙ্গলবার কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

কারখানার সুইং সেকশনের শ্রমিক ইউসুব আলী, আসমা বেগম জানান, কারখানা খোলার পর থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তার পরও কর্তৃপক্ষ বলছে ৬০ ভাগ বেতন দিবে। ঐ টাকায় আমাদের ঘরভাড়া, খাওয়া দাওয়া কোনো কিছুই হবে না। তাই পুরো বেতন দিতে হবে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিকরা শ্রম আইন না মেনে বিক্ষোভ করে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।