মেঘনায় ঝড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে দুই জনের মৃত্যু

মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকাস্থ নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি ট্রলার ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় চালক ও ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই জন যাত্রী নিখোঁজ হন। ওসি আরো জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে সকাল ১০টার দিকে আব্দুর রব ব্যাপারীর (৬০) মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে সালাম ভূঁইয়ার পুত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়। তারা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।