ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদ করায় বখাটেরা কোপাল যুবককে

নগরীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করছিল একদল বখাটে। আর রাব্বি (২২) নামে এক যুবক তার প্রতিবাদ করায় বখাটের দল তাকে এলোপাতাড়ি কুপিয়েছে। বর্তমানে রাব্বি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাব্বি নগরীর শাহ্ মখদুম থানার মিলপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে। এ ঘটনায় ২ মে নগরীর চন্দ্রিমা থানায় পাঁচ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেন রাব্বির বোন আজমিরা খাতুন সানি। আসামিরা হচ্ছে নগরীর ছোটো বনগ্রাম পশ্চিমপাড়ার হায়দার আলী তালুকদারের দুই ছেলে রাকিব তালুকদার রাব্বি (২৫) ও হানিফ তালুকদার সাব্বির (১৮), একই এলাকার আমিনের ছেলে সজীব (২২), রেজাউলের ছেলে আকাশ (২৩), তাদের সহযোগী পলাশ (২০) ও রকি (২০)। পুলিশ প্রধান আসামি রাকিব, সহোদর হানিফ, সহযোগী গোলাম আজম, নুরুদ্দিনের ছেলে রুবেল ও মান্নানের ছেলে রুবেলকে গ্রেফতার করেছে।

মামলার এজাহারে বলা হয়, বিদেশফেরত প্রধান আসামি রাকিব দলবল নিয়ে গত ৩০ এপ্রিল বিকালে ঐ মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করলে প্রতিবেশী রাব্বি এগিয়ে যায়। এ সময় বখাটেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর চন্দ্রিমা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ব্রজ গোপাল বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।