মহামারি করোনা ভাইরাসের থাবায় তছনছ ইতালি। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল পর্যন্ত দেশটিতে ২৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। ইউরোপে দ্বিতীয় শীর্ষ মৃতের তালিকায় দেশটি। সেই ইতালির গবেষকরাই কোভিড-১৯ এর সফল টিকা আবিষ্কারের দাবি করেছেন। ইউরোপের মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী রবিবার লকডাউন শিথিলের পরিকল্পনার কথা জানাবেন। গবেষণা বলছে, বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল গত ডিসেম্বরেই। স্পেনে মৃত্যুর সংখ্যা বাড়ায় জরুরি অবস্থা আবার বাড়ানো হচ্ছে। তবে চীনের সেই উহানে স্কুলে ফিরেছে শিশুরা। বিশ্বে গতকাল করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৩৭ লাখ ৫৯ হাজার এবং মৃত্যু ২ লাখ ৫৯ হাজার অতিক্রম করেছে।
ভ্যাকসিন তৈরির দাবি ইতালির
যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান ও গবেষণামূলক সাইট সায়েন্সটাইমস ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির গবেষকদের দাবি, তাদের তৈরি ভ্যাকসিন বা টিকা ইঁদুরের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি করার পর সেটি মানবকোষেও করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। জানা গেছে, করোনা ভাইরাসের এই প্রতিষেধকটি শিগগিরই বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘টাকিস’। সংস্থাটির প্রধান নির্বাহী লুইগি আরিসিচিও জানান, কোভিড-১৯ এর এই প্রতিষেধকটিই সবচেয়ে উন্নত ও কার্যকরী। এটিই বিশ্বের প্রথম প্রতিষেধক যা মানুষের শরীর থেকে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তিনি জানান, শেষ পর্যায়ের গবেষণার কাজ চলছে প্রতিষেধকটি নিয়ে। তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মার্কিন সংস্থা লিনারেক্স। ভারতের বিজনেস টুডে জানিয়েছে, পরীক্ষামূলক ১০৮টি ভ্যাকসিনের মধ্যে ৮টিকে মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংক্রমণ গত ডিসেম্বরেই
মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন জেনেটিকস ইনস্টিটিউটের জেনেটিকস গবেষক ফ্রান্সোয়া বালোক্স ও তার সহকর্মীরা একটি বৈশ্বিক ডাটাবেজ থেকে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা প্রবাহ সংগ্রহ করেছেন। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে ৭ হাজারের বেশি নমুনা সংগ্রহ করে দেখেছেন, গত বছরের ডিসেম্বরেই সংক্রমণ শুরু হয়েছে এবং বিশ্ব জুড়ে তা দ্রুত ছড়িয়েছে। মঙ্গলবার তাদের এ সংক্রান্ত একটি বিবৃতি জার্নাল ইনফেকশন, জেনেটিকস অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত হয়েছে। এদিকে করোনা ভাইরাসের উত্স নিয়ে চলা বিতর্কের অবসানে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
ব্রিটেনে লকডাউন শিথিলের পরিকল্পনা
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মারের মানুষের চলাচল নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, লকডাউন শিথিলের পরিকল্পনার বিষয়টি আগামী রবিবার জানানো হবে। এর পরের দিন থেকে সেটি কার্যকর হবে বলে তিনি জানান। বরিস বলেন, বর্তমান পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারব বলে মনে করছি।
অন্যান্য দেশের পরিস্থিতি
স্পেনে শনিবারের পর আবারো ২৪৪ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়। এর ফলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জরুরি অবস্থা আবার বাড়ানো হবে বলে জানিয়েছেন। ১১ মে চীনের শাংহাইয়ে খুলছে ডিজনিল্যান্ড। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে প্রতিটি রাইড ও রেস্টুরেন্টে। ভাইরাসের প্রাদুর্ভাবের স্থান উহানে স্কুল খুলে দেওয়া হয়েছে। শিশুদের মাস্ক পরে স্কুলে ক্লাস করতে দেখা গেছে। আর পুরো হুবেই প্রদেশে ৩২ দিনে নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। ভারতের কর্ণাটক রাজ্যে দেওয়া হয়েছে বিশেষ প্রণোদনা প্যাকেজ। এককালীন এই প্যাকেজে ২ লাখ ৩০ হাজার নাপিত পাবেন ৫ হাজার রূপি করে। আর ৭ লাখ ৭৫ হাজার চালকও একই অঙ্কের অর্থ পাবেন। দেশটিতে ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৮ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪৯ হাজার ৩৯১ জন। এক দিনে মৃত্যু ১২৬ জন বাড়ায় মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ৬৯৪ জনের। পাকিস্তানে মোট আক্রান্ত ২৩ হাজার ২৭৪ জন এবং মারা গেছে ৫৩৫ জন। মালয়েশিয়ায় ৭১ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে প্রায় সাড়ে ৬ হাজার রোগী শনাক্ত যার মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি সুস্থ হয়েছেন। মারা গেছে ১০৬ জন। -বিবিসি, রয়টার্স, জি নিউজ ও ডয়চেভেলে