যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

নতুন করোনা ভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার। তবে খরচ দিয়েই তাদের ফিরতে হবে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামিম আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে আটকা পড়া বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে উদগ্রীব তাদের জন্য সরকার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ভাড়া নেওয়ার ব্যবস্থা করেছে। ফ্লাইটটি ১৪ বা ১৫ মে পরিচালিত হবে। যারা ফিরতে ইচ্ছুক তাদের ৮ মের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

অন্যদিকে ব্রিটেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে একই ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটে চলাচলকারী একটি বিমান ভাড়া করে ব্রিটেনে আটকা পড়া ২০০ থেকে ২৫০ জন বাংলাদেশিকে আনার ব্যবস্থা হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বিবিসিকে জানান, ফিরতে ইচ্ছুকদের সিংহ ভাগই ছাত্র। ফ্লাইটটি ১০ই মে লন্ডন ছাড়বে। দুই ক্ষেত্রেই যাত্রীদেরই খরচ বহন করতে হবে।

নিউ ইয়র্ক থেকে ফ্লাইটে খরচ পড়বে জনপ্রতি ২২০০ ডলারের মতো। আর  লন্ডন থেকে ফ্লাইটে জনপ্রতি ৭০০ পাউন্ডের মতো লাগতে পারে।