জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত। সবার অভিন্ন শত্রু করোনা আর এ শত্রুকে পরাজিত করতে রাজনৈতিক দলগুলোকে উদারতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ দুর্যোগে কোনো রাজনীতি নয়, চাই জাতীয় উদ্যোগ। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
রওশন বলেন, হাওরাঞ্চলে অত্যন্ত উত্সবমুখর পরিবেশে ধান কাটা প্রায় শেষ হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো অভাব পরিলক্ষিত হয়নি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতী এ মহামারি মোকাবিলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। জনগণ যখন ঘরে বন্দি তখন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী মানুষকে সচেতন করছে। ডাক্তাররা হাসপাতালে চিকিত্সা দিয়ে যাচ্ছেন। তাদের এ কর্মপ্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে। একদিকে লকডাউন দিয়ে অন্যদিকে দোকানপাট খুলে দেওয়ায় করোনা পরিস্থিতি যাতে বৃদ্ধি না পায় সেজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।