সারা দেশে চলমান সাধারণ ছুটিতেও সড়ক দুর্ঘটনায় মৃত্যু থেমে নেই। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই শিশু ও এক ব্যবসায়ীসহ নিহত হয়েছেন ছয় জন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি (চার মাস) নামে এক শিশু নিহত ও একই পরিবারের তিন জনসহ মোট পাঁচ জন আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি চলাকালে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। তারা বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ৯ ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ১২-৮২২৩) সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ত্রিশাল (ময়মনসিং) সংবাদদাতা জানান, ত্রিশালে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড়ে চাকা ফেটে ট্রাক খাদে পড়ে গেলে হাফিজুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হন। ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, হাফিজুল উপজেলার হরিরামপুর ইউনিয়নের গোলাভিটা গ্রামের মৃত ছফির উদ্দিন ছেলে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বাড়ির কাছেই ট্রাক্টরের ধাক্কায় রাকিব হাসান সাকিব নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, পান কিনতে সাইকেলে বাজারে যাওয়ার পথে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রামকৃঞ্চ দেবনাথ (৫০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিঞ্চুপদ দেবনাথের ছেলে। গতকাল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, উপজেলার রামগঞ্জ সড়কের পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় বাচ্চু (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় পিকআপ উল্টে রিকশা চালকসহ ৯ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন । গতকাল এ দুর্ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিক বাচ্চুর বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর কিশোরগঞ্জে জলঢাকাগামী হিমেল কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মরিচ ব্যবসায়ী। আবুল কালাম ঢাকা বাড্ডার শেখ হাশেম আলীর ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় জলঢাকা-রংপুর সড়কে গাড়াগ্রাম জুম্মার পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/বিএএফ