স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ক্রিকেট বিশ্ব স্থবির হয়ে আছে। তবে থেমে নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনে সচেষ্ট রয়েছে দেশটি। ফ্র্যাঞ্চাইজিরাও তাদের কার্যক্রম চালু রেখেছে। করোনার মধ্যেই চলছে সিপিএলের দলবদল। এবারের আসরকে সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছে সেন্ট কিটস অ্যান্ড পিটার নেভিল প্যাট্রিয়র্টস।
নতুন মৌসুমকে সামনে রেখে ৩৯ বছর বয়সি অলরাউন্ডার রায়াদ এমরিটকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দলটি। দলটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সিমন হেলমুট। গত বছর পর্যন্ত বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান। সেন্ট কিটস দলে ভিড়িয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ২০১৭ এবং ২০১৮ সিপিএল শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ রামদিনকে।
এছাড়া আগের মৌসুমের দল থেকে তারা ধরে রেখেছে এভিন লুইস, শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন, ডমেনিক ডার্কেস এবং আলজারি জোসেফকে। নেতৃত্বের দায়িত্ব পাওয়া এমরিট টি-২০ তে বেশ কার্যকর অলরাউন্ডার। এই ফরম্যাটে ১৩৬ ম্যাচে ১৪৯টি উইকেট রয়েছে তার। লোয়ার অর্ডারে দ্রুত রানও তুলতে পারেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন গোটা ক্রিকেট দুনিয়া জুড়ে। বিপিএল, পিএসএল, সিপিএলসহ বিভিন্ন টি-২০ লিগে নিয়মিত খেলে থাকেন তিনি। সর্বশেষ বিপিএলে ইমরুল-মাহমুদউল্লাহদের সঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন এমরিট।
হেড কোচ হেলমুটেরও টি-২০ অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ, সিপিএলের ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের হয়ে কাজ করেছেন তিনি।
সেন্ট কিটসের অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি এমরিট। এই অলরাউন্ডার বলেছেন, ‘দ্বিতীয় মৌসুমের মতো সেন্ট কিটসের অংশ হতে পেরে দারুণ আনন্দিত আমি। এই মৌসুমে দারুণ দল হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে দারুণ আপ্লুত আমি। এটা আমার জন্য দারুণ সম্মানের একটি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেয়া।’