করোনাক্রান্ত ফ্ল্যামেঙ্গোর তিন ফুটবলার

স্পোর্টস ডেস্ক 

ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর তিন খেলোয়াড়ের শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। তবে কারো শরীরেই উপসর্গ দেখা যায়নি। বুধবার এক বিবৃতিতে ব্যাপারটি জানায় গেল বছর কোপা লিবার্তাদোরেস জেতা ক্লাবটি।

বিবৃতিতে বলা হয়, সম্প্র্রতি খেলোয়াড়, তাদের পরিবার ও বাসায় কাজ করা লোকজনসহ মোট ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়। যার ৩৮ জনের ফলাফলই পজিটিভ এসেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়াও ক্লাবটিতে ৪০ বছর ধরে কাজ করা এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন।

ব্রাজিলে এখন পর্যন্ত সাড়ে ৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছে। মহামারির মধ্যেই ফুটবল পুনরায় শুরুর কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলজোনারো।