হাত বাড়াল হকি খেলোয়াড় কল্যাণ সমিতি

স্পোর্টস রিপোর্টার

হকি স্টেডিয়ামে এই খেলোয়াড়রা খেলতে আসতেন। কতো ধরনের স্মৃতি জড়িয়ে আছে এসব খেলোয়াড়দের জীবনে। কিন্তু কখনো ভাবেননি অনেক স্বপ্নের এ হকি মাঠে তারা নামতে পারবেন না। ঘরবন্দি থেকে বেরিয়ে ভালোবাসার হকি মাঠে আসবেন সহযোগিতা নিতে।

লকডাউনে থাকায় অনেক খেলোয়াড়ের পরিবার খুব একটা ভালো নেই। যে ঘরে খেলার আনন্দ ছিল, আর্থিক টানাটানির কারণে সেই ঘরে সংকট। করোনার কারণে লকডাউনে পড়ে খেলোয়াড়দের পরিবার ভালো নেই এখন। এসব নানা দিক ভেবে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি এগিয়ে এসেছে। তাদের উদ্যোগে ৫০০ খেলোয়াড়কে সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে খেলোয়াড়দের প্রিয় স্থান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তুলে দেওয়া হয়েছে এক সপ্তাহ চলার মতো খাদ্যসামগ্রী। সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন তারা ঢাকায় কিছু দিয়েছেন ঢাকার বাইরেও পাঠাবেন।

সমিতির উপদেষ্টা আবু সায়েম শাহীনের সহায়তায় খেলোয়াড়দের হাতে উপহার দেওয়া হয়। তিনি জানিয়েছেন দুঃসময়ে খেলোয়াড়দের পাশে থাকবে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ নেওয়া হবে।

ঈদুল ফিতরের আগে খেলোয়াড়দের আবারও উপহারসামগ্রী দেওয়ার কথা জানিয়েছেন সাবেক খেলোয়াড়রা। যেখানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সমিতির সভাপতি গোলকিপার রাসেল খান বাপ্পী, শহীদুল্লাহ টিটু, মওদুদুর রহমান শুভ, রাহুল রায়, মাকসুদ আলম হাবুল, ইকবাল নাদের প্রিন্স প্রমুখ।

হকির সাবেক তারকা প্রিন্স জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল ১ লাখ টাকা পাঠিয়েছেন। সেটি ৫ হাজার টাকা করে ২০ জনকে বিতরণ করা হয়েছে।