গোপালগঞ্জে মেশিনে ধান কাটা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট মোকাবিলায় গোপালগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা শুরু হয়েছে। ঘণ্টায় এ মেশিন এক একর জমির ধান কেটে মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করে দিচ্ছে। এতে কৃষকের সময় ও খরচ দুই বাঁচছে। সেই সঙ্গে শ্রমিক নিয়ে কৃষকের দুশ্চিন্তা দূর হয়েছে। শনিবার কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের কৃষক দুলাল রত্নের জমির ধান মেশিন দিয়ে কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজি কামাল হোসেন শেখ। কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় গ্রামের কৃষক দুলাল রত্ন বলেন, এ মেশিনে ধান কাটা খুবই সহজ। খরচও অর্ধেক। একটি মেশিন দিয়ে দিনে-রাতে অন্তত ২০ একর জমির ধান কাটা যায়। কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিতুল রায় বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ঘণ্টায় ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায়। এতে খরচ হয় মাত্র ৮ হাজার টাকা। শ্রমিক দিয়ে এ কাজ করতে কৃষকের ১৬ হাজার টাকা লাগে।